বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং ট্রেড নেগোসিয়েশন দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ লক্ষ্যে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করার অঙ্গীকারও জানিয়েছে সংস্থাটি।
সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে ইউএনডিপির বাংলাদেশস্থ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিফান লিল্যা-এর এক বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের দক্ষ ট্রেড নেগোসিয়েটর তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও বিভিন্ন আলোচনায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী হিসেবে ইউএনডিপির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিফান লিল্যা জানান, বাংলাদেশের ট্রেড নেগোসিয়েশন সক্ষমতা বাড়াতে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং জ্ঞান বিনিময় কার্যক্রম আয়োজন করতে সংস্থাটি আগ্রহী। এসব উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং ইউএনডিপির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ