কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ও দেশের ভোক্তা আন্দোলনের অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রাতে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ওই বিভাগের অনারারি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৭৮ সালে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিষ্ঠার সময় তিনি সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন। সে সময় দেশে ভোক্তা অধিকার প্রতিষ্ঠা এবং ভোক্তাদের সচেতনতা বাড়াতে সংগঠনটিকে শক্তিশালী ও সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ভোক্তা আন্দোলনের অগ্রযাত্রায় তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
অধ্যাপক সাখাওয়াত আলী খানের মৃত্যুতে ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সংগঠনের বিভাগ, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং ক্যাবের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, অধ্যাপক সাখাওয়াত আলী খানের মৃত্যু দেশের ভোক্তা আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্ম ও নেতৃত্বের মাধ্যমে দেশের ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ