জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডে গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে বিপ্লবী ছাত্রমৈত্রী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার ( ১৭ মার্চ) বিপ্লবী ছাত্রমৈত্রী, জাবি শাখার সংগঠন সোমা ডুমরি স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়,” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডে গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে বিপ্লবী ছাত্রমৈত্রী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এই নৃশংস ঘটনা আমাদের সমগ্র শিক্ষার্থী সমাজকে শোকাহত ও ক্ষুব্ধ করে তুলেছে।

বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা কেবল একটি হত্যাকাণ্ড নয়—এটি আমাদের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ ভঙ্গুরতাকে উন্মোচিত করেছে। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে।”

আরও বলা হয়, “আমরা মনে করি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং নিরাপত্তা ব্যবস্থার ধারাবাহিক ব্যর্থতার নির্মম প্রতিফলন। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিজ ক্যাম্পাসসংলগ্ন এলাকায় নিরাপত্তাহীনতার শিকার হয়ে প্রাণ হারাবেন—এটি রাষ্ট্র ও প্রশাসনের জন্য চরম ঔদাসিন্যের ফল! বিপ্লবী ছাত্রমৈত্রী মনে করে, দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিশেষত, স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদের নেতৃত্বাধীন মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগের অভাব এবং অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ না থাকায় এমন মর্মান্তিক ঘটনার পরিবেশ তৈরি হয়েছে। একই সাথে হত্যাকাণ্ডের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও এড়াতে পারে না।”

এছাড়া আমরা জোরালোভাবে দাবি জানাই—

১. শারমিন জাহান খাদিজা হত্যাকাণ্ডের দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

২. প্রকৃত অপরাধীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

৩. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. তদন্তের অগ্রগতি নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে, যাতে বিচার প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা অটুট থাকে।
বিপ্লবী ছাত্রমৈত্রী স্পষ্টভাবে জানাতে চায়—এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সাংগঠনিক ও গণতান্ত্রিক সকল উপায়ে ন্যায়বিচারের দাবি উত্থাপন অব্যাহত রাখব এবং বিষয়টি জাতীয় পর্যায়ে গুরুত্বসহকারে তুলে ধরব।
আমরা নিহত সহপাঠীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার বিচারের জন্য ক্যাম্পাসের সকল শিক্ষার্থী ও সারাদেশের মানুষের প্রতি আহ্বান জানাই।