দেশের ছয়টি বিভাগে আজ দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বৃষ্টির আভাস থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিনে দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনিবার থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার তাপমাত্রা সামান্য কমলেও রোববার থেকে আবার বাড়তে শুরু করতে পারে। ৩০ মার্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ৩১ মার্চ থেকে আবারও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ