দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩১ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর নবনির্বাচিত পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে চান এবং সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে। খেলাধুলায় রাজনীতির প্রভাব থাকলে মেধাবী খেলোয়াড়রা বঞ্চিত হন, যা দেশের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, শুধু খেলা নয়—খেলোয়াড়রা যেন এটিকে পেশা হিসেবে নিতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাতা বা সম্মাননার চেয়ে খেলাকে টেকসই পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ।
দেশের ক্রীড়া ব্যবস্থার সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির কারণে কোনো মেধাবী খেলোয়াড় জাতীয় দল থেকে বাদ পড়লে সেটি অত্যন্ত দুঃখজনক। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি ক্রীড়ামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তরুণ ক্রীড়ামন্ত্রী নিজেও একজন সাবেক ফুটবলার হওয়ায় এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা যায়।
সভায় তিনি পুনর্ব্যক্ত করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-ও ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ