চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ক্যাফেটেরিয়া ও পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং বহিরাগতমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এরমধ্যে ছিল ‘মাসুম ভাইয়ের রক্ত ঝরে’, ‘প্রশাসন কী করে?’, ‘আমার ভাই আহত কেনো?’, ‘প্রশাসন জবাব চাই’, ‘এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেফতার’, ‘বহিরাগত নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।’

মানববন্ধনে চাকসু আইন ও মানবাধিকার সম্পাদক মো. ফজলে রাব্বি তৌহিদ বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সময় সন্ত্রাসীদের আটক করলেও তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। সন্ত্রাসীদের আটক করলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’’

চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, মাসুম বিল্লাহ’র উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ৫ আগস্টের পর সংঘটিত একাধিক সন্ত্রাসী ঘটনার কোনো সুষ্ঠু সমাধান করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়।’’

তিনি আরও বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বল নয়। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করবো।”

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘‘আগে একাধিকবার শিক্ষার্থীরা হামলার শিকার হলেও তদন্তের আশ্বাস দেওয়া ছাড়া দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সর্বশেষ মাসুম বিল্লাহ’র উপর হামলার ঘটনার ১৭-১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকা উদ্বেগজনক।’’

তিনি আরও বলেন, ‘‘৫ আগস্টের পর শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে বহু শিক্ষার্থী হতাহত হলেও হামলাকারীদের অনেকেই চিহ্নিত থাকার পরও তাদের গ্রেফতার করা হয়নি। বরং ঈদের পর সেইসব ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে।’’