দেশকে স্বনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতিতে রূপান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, কৃষি, মৎস্য ও স্থানীয় সম্পদভিত্তিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশ ও অঞ্চলকে স্বাবলম্বী করে তোলা হবে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য অধিদপ্তর।
মন্ত্রী বলেন, খাল খনন, নদী-নালা সংস্কার, কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জিয়াউর রহমান-এর পরিকল্পনা ছিল সুদূরপ্রসারী। পরবর্তীতে খালেদা জিয়া সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন। তিনি দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এসব অসমাপ্ত কাজ বাস্তবায়নে কাজ করছেন।
তিনি আরও জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকায় খাস জমিতে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে জরিপ কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অঞ্চলটি অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে।
মন্ত্রী বলেন, নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য সরকারি সহায়তার পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে, যা সরকারের জনবান্ধব নীতির প্রতিফলন।
তিনি উল্লেখ করেন, ভবানীগঞ্জ-মতিরহাট সড়ক উন্নয়নসহ অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়িত হলে লক্ষ্মীপুর বরিশাল, ভোলা, চাঁদপুর, নোয়াখালী ও কুমিল্লার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে।
লক্ষ্মীপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, অতীতে অবহেলার শিকার হলেও বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও শাহাদাত হোসেন সেলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ