‘স্মৃতির পাতায় প্রাণের স্পন্দন, পঁচিশের গৌরবে বায়োকেমিস্টদের মেলবন্ধন’ স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। আগামী ১০ এপ্রিল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এটি উদযাপিত হবে।

সোমবার (০৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন বিভাগের সভাপতি ও রজতজয়ন্তী অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।

এসময় উপস্থিত ছিলেন রজতজয়ন্তী অনুষ্ঠান পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ড. দ্বৈপায়ন সিকদার, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ও অধ্যাপক ড. সুমন মজুমদার।

এসময় লিখিত বক্তব্যে অধ্যাপক ড. কাঞ্চন চাকমা বলেন, “রজতজয়ন্তী উৎসবের সবচেয়ে আনন্দময় দিকটি হলো বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মহামিলন। বিগত ২৫ বছরে এই বিভাগ থেকে পাস করা কৃতি শিক্ষার্থীরা, যাঁরা আজ দেশে ও বিদেশে চিকিৎসা, গবেষণা, জৈবপ্রযুক্তি, শিক্ষকতা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আসীন, তাঁরা সবাই এই উৎসবে একত্রিত হবেন।”

তিনি আরও বলেন, “বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বিভাগের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এই অনুষ্ঠানে যোগদান করবেন এবং তাঁদের জীবনের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প বর্তমান শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন, যা নতুন প্রজন্মের প্রাণরসায়নবিদদের জন্য এক অমূল্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।

উল্লেখ্য, ২০০৪ সালে মাত্র ৬ জন শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু করে বিভাগটি।