খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের পুকুরে দৃষ্টিনন্দন সিঁড়িঘাট নির্মাণকাজ শুরু হয়েছে। পুকুরের পশ্চিম পাশে এই অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, যা মুসল্লিদের জন্য ব্যবহারবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ রেজাউল করিম নির্মাণাধীন সিঁড়িঘাট সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
প্রকল্প সূত্রে জানা গেছে, মসজিদ থেকে পুকুরে সহজ যাতায়াত নিশ্চিত করতে একটি সংযোগ সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে আধুনিক ওজুখানা ও নতুন টয়লেট সুবিধাও রাখা হয়েছে।
এছাড়া পুকুরের দক্ষিণ পাশে বসার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে, যা পুরো মসজিদ প্রাঙ্গণকে আরও আকর্ষণীয় করে তুলবে। সংশ্লিষ্টদের আশা, নির্মাণকাজ শেষ হলে এ স্থাপত্য শুধু ব্যবহারিক সুবিধাই নয়, ক্যাম্পাসের সৌন্দর্যও বাড়াবে।
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ