গুম হওয়া পরিবারের ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় সংগঠন মায়ের ডাক-এর অন্যতম সদস্য ও সংগঠক নুসরাত জাহান লাবনী এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন। জানা গেছে, শেরপুর ও জামালপুর জেলার জনগণের প্রতিনিধিত্ব করার লক্ষ্যেই তিনি প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছেন।
নুসরাত জাহান লাবনী দীর্ঘদিন ধরে ‘মায়ের ডাক’ সংগঠনের সঙ্গে যুক্ত থেকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছেন। এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি-ও একইভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
ব্যক্তিগত জীবনেও গুমের শিকার পরিবারের সদস্য লাবনী।তার বড় ভাই মাজাহারুল ইসলাম রাসেল—যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন—২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হন। সেই ঘটনার পর থেকেই পরিবারটি ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে এবং লাবনী নিজেও আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় তার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ, শেরপুর ও জামালপুর জেলার বিএনপির নেতাকর্মী এবং গুম হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি রাজনৈতিক পথচলায় সফলতা কামনায় দোয়া চান। রিজভী তার সাহসিকতা ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেন এবং গুম হওয়া পরিবারগুলোর ন্যায়বিচারের দাবির প্রতি সমর্থন জানান।
লাবনী বলেন, “গুম হওয়া প্রতিটি পরিবারের কষ্ট আমি নিজের পরিবারের মতো অনুভব করি। রাজনীতিতে আসার উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং নির্যাতিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানবিক রাষ্ট্র গঠনে তিনি কাজ করে যেতে চান।
বিশ্লেষকদের মতে, গুমের শিকার পরিবারের সদস্য হিসেবে লাবনীর প্রার্থিতা শুধু রাজনৈতিক পদক্ষেপ নয়; এটি মানবাধিকার ইস্যুকে সামনে এনে জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ