নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে চাঁদপুর শহরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের ফিসারি গেইট ও বরকন্দাজ সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযোগের ভিত্তিতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি, বৈধ লাইসেন্স ছাড়া গ্যাস মজুদ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ‘দাদন স্টোর’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন প্রতিষ্ঠানের মালিক এবং ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকার করেন।

এ সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানেও নজরদারি করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।