বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তৌফিক আলম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাক ও লোকজ সাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ নিজস্ব ব্যানার, পোস্টার ও বৈচিত্র্যময় সাজসজ্জা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। এতে পুরো ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ এবং ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙিন রূপ।
এছাড়া বিভিন্ন বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসে বিরাজ করে আনন্দঘন পরিবেশ।
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ