বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও দিনব্যাপী নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে দেয় বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের রঙিন বার্তা।

সকালে ‘এসো হে বৈশাখ, এসো… এসো…’ বর্ষবরণ সঙ্গীতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ১০টায় হাদী চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ রেজাউল করিম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও কারুকার্যে সাজানো অনুষ্ঠানমালা সকলের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।”

এরপর চারুকলা স্কুলের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। মুখোশ, আলপনা, ঢাক-ঢোল, কাঠের কারুকাজসহ নানা ঐতিহ্যবাহী উপকরণে সজ্জিত শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার প্রতিটি অনুষঙ্গে ফুটে ওঠে গ্রামীণ জীবন, লোকজ ঐতিহ্য ও বাঙালির হাজার বছরের সংস্কৃতির বহুমাত্রিক রূপ। বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা নিজ নিজ থিমে অংশগ্রহণ করায় পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী এ আয়োজন ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।