“মাঠ থেকেই শুরু সাফল্য” স্লোগানকে সামনে রেখে নানা আয়োজন ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।

সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

এর আগে গত ১৮ এপ্রিল শুরু হওয়া তিন দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “সুশৃঙ্খল ও সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। ক্লাস ও পরীক্ষার কারণে অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেনি, তবে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের চেষ্টা করা হবে।”

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনূর রহমান।