জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একক প্রার্থী হওয়ায় তার সংসদ সদস্য (এমপি) হওয়া প্রায় নিশ্চিত।
ছয় বছর বয়সী জাবির ইব্রাহিম ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়। সে কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ-এর নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। সেদিন বাবার সঙ্গে মিছিলে অংশ নিতে গিয়ে প্রাণ হারায় সে।
জাবিরের মা রোকেয়া বেগম একজন গৃহিণী। তিন সন্তানের মধ্যে জাবির ছিল সবার ছোট। ঘটনার দিন সন্তানদের নিয়ে মিছিলে অংশ নেন তিনি। পরে গুলিবিদ্ধ জাবিরকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
এদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংরক্ষিত নারী আসনের ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জামায়াতের প্রাপ্য আসনের একটি অংশ শরিক দলগুলোর মধ্যে সমন্বয়ের ভিত্তিতে বণ্টন করা হয়েছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাগপা-কে একটি করে আসন ছেড়ে দেওয়া হয়েছে।
মনোনয়ন পাওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, শামছুন্নাহার নাহার, মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (২১ এপ্রিল)।
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ