বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সংসদে বিরোধী দলসহ কমিটি করে দেওয়া হয়েছে। আমরা সবকিছু স্বচ্ছতার সাথে পরিচালনা করছি। এখানে লুকোচুরির কিছু নেই। দেশ তো সকলের, শুধু বিএনপির দেশ না। জনগণ আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির উদ্বোধন ও বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “ব্যাংক নিয়ে আস্থার সংকট তো আছেই। ২৩০ বিলিয়ন ডলার দেশ থেকে নিয়ে গেছে। ব্যাংকগুলো লুটপাট ও ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাকে রিকভারি করার দায়িত্ব বিএনপির হাতে এসেছে। এমন সময়ে ব্যাংকগুলো সব খালি, শেয়ার বাজার ধ্বংস। জনগণের অর্থ ব্যাংক থেকে দেওয়া যাচ্ছে না। এটাকে ঘুরিয়ে আনতে একটু সময় দিতে হবে। আমরা চেষ্টা করছি এবং বিএনপি সব সময় আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রেখেছে।”

মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন প্রমুখ।