বিশ্ব বই দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণ করেছেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বিভিন্ন কলোনিতে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের এসব বই উপহার দেওয়া হয়। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের’ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরাও এসব বই উপহার পেয়েছেন।

এ নিয়ে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “বই শুধু কাগজের কিছু পৃষ্ঠা নয়, এটি একটি শিশুর স্বপ্ন দেখার জানালা এবং নিজের ভাগ্য বদলের শক্তি। শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও এখনো অনেক শিশু এ অধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্র যথাযথ উদ্যোগ নিলে এসব শিশুই একদিন দেশের সম্পদে পরিণত হতে পারে।”

তিনি আরো বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং তাদের শিক্ষার আওতায় আনতে বিএনপি সরকারকে কার্যকর নীতিমালা গ্রহণ করা প্রয়োজন।”