জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত কুকুরদের জন্য এন্টি-র‌্যাবিস টীকাদান কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ক্যাম্পাসে কুকুরের কারণে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। এ বিষয়ে পূর্বে পৌরসভা ও প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।

পরবর্তীতে Animal Welfare Society-এর উদ্যোগে এই টীকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, “ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। প্রাণীদের সঙ্গে সহাবস্থানের মাধ্যমে আমরা যেন নির্বিঘ্নে একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারি, সে লক্ষ্যে কাজ করছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন ও Animal Welfare Society-এর উপদেষ্টা ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচি বাস্তবায়ন করছে Animal Welfare Society। কারিগরি সহযোগিতায় রয়েছে Human Paws Initiative এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর একটি প্রতিনিধি দল।

কর্মসূচির আওতায় ক্যাম্পাসের কুকুরগুলোকে টীকা প্রদানের পাশাপাশি শনাক্তকরণের সুবিধার্থে তাদের গলায় হলুদ রঙের বেল্ট পরিয়ে দেওয়া হচ্ছে।