“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে চাঁদপুরে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে চাঁদপুর শহরের হাকিম প্লাজা প্রাঙ্গণে এ ক্যাম্পেইন বুথ চালু করা হয়। এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার এবং বাংলা কিউআর (QR) সেবার বিষয়ে সরাসরি ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি আয়োজন করা হয় ক্যাশলেস ব্যাংকিং বিষয়ক সেমিনার ও আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও চাঁদপুর প্রধান শাখার ব্যবস্থাপক বিউটি দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাইনুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে বিউটি দাস বলেন, একটি কার্যকর ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের মধ্যে ডিজিটাল আর্থিক সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য।

তিনি জানান, ক্যাম্পেইন বুথে গ্রাহকরা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার, পিওএস (POS) মেশিন, মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন এবং বাংলা কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক পেমেন্ট সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা নিতে পারছেন।

ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মাসুদ রানা মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেলন।

ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রসারে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২৮ এপ্রিল শুরু হওয়া এই ক্যাশলেস ক্যাম্পেইন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।