আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে প্র্যাকটিস কিটস বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে এসব কিটস তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টরা জানান, এমন উদ্যোগ খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আসন্ন টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে তারা আশাবাদী।
খেলাধুলার উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরাও।
জানতে চাইলে মো. শাফায়াত হোসেন বলেন, ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আমাদের জন্য গর্বের একটি প্ল্যাটফর্ম। সঠিক প্রস্তুতি ও দলগত প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল ভালো ফল করবে বলে আমি বিশ্বাস করি। খেলোয়াড়দের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে আমরা পাশে থাকব।’
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী প্রেনচ্যুং ম্রো বলেন, ‘‘আমাদের দলের জার্সি স্পন্সর করায় শাফায়াত ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পাশে থাকার জন্য আমরা সত্যিই আনন্দিত। আশা করছি, ভবিষ্যতেও তিনি খেলোয়াড়দের পাশে থাকবেন।”
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ