খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী ‘এনগেজিং দ্য এক্সপোজার সিজন-৪’ শীর্ষক আন্তর্জাতিক স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
ফ্রিল্যান্সার ও ১৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবিতে দারিদ্র, অভাব, সংগ্রাম ও প্রকৃতির সৌন্দর্যের নানা দিক ফুটে উঠেছে।
বিকাল হতে না হতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রদর্শনীতে সবার দৃষ্টি আকর্ষণ করছে ঘুরতে আসা শিশুরা।
শিক্ষার্থী ও দর্শনার্থীদের সার্বিক সেবা প্রদানের জন্য খুবি ফটোগ্রাফি সোসাইটির সভাপতি ও অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন।
প্রদর্শনীতে আসা এক দর্শনার্থী বলেন, “গতকাল শুনেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি প্রদর্শনী হবে। এজন্য আমি আমার ছেলেকে নিয়ে দেখতে এসেছি। ভেতরের পরিবেশটা খুবই ভালো এবং শান্ত।”
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ‘ইমেজ ফর ফটোগ্রাফি’র প্রেসিডেন্ট গাজী মিজানুর রহমান খুবির চারুকলা আঙ্গিনায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
এর আগে, ফ্রিল্যান্সার ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ হাজার ৬৫৪টি ছবি জমা দেন। এর মধ্যে কয়েকজন ফ্রিল্যান্সারসহ খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ১৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪০টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে।
খুবি ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের এই প্রদর্শনীতে ফটোগ্রাফি সোসাইটির সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। যার ফলে আমরা এত বড় একটি আয়োজন করতে পেরেছি। আমার মনে হয়, এখান থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বেশি ছবি জমা দেবে এবং এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবে।”
উল্লেখ্য, ২ মে (শনিবার) সন্ধ্যায় খুবির চারুকলা আঙ্গিনায় প্রদর্শনীর ফলাফল প্রকাশিত হবে। প্রথম পুরস্কার ১৬ হাজার, দ্বিতীয় পুরস্কার ১২ হাজার, তৃতীয় পুরস্কার ৮ হাজার এবং চতুর্থ পুরস্কার ৪ হাজার টাকা।
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ