রংপুর-এর একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটি-তে পাঁচ দিনব্যাপী আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) একটি স্থানীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও ইংরেজি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে খেলার সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল আমিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের আন্তঃবিভাগীয় ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও খেলাধুলার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব মো. রবিউল ইসলাম (মৃদুল) এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী। তারা বলেন, সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও সমান গুরুত্বপূর্ণ, যা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়ক।

খেলা চলাকালে শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ম্যাচ উপভোগ করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মাঠে উপস্থিত ছিলেন।