হাজীগঞ্জ উপজেলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী জাকির মজুমদার-কে আনুষ্ঠানিক সমর্থন দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসানাত। তিনি জানান, তৃণমূলের ভোট, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অনুমোদনের ভিত্তিতে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জাকির মজুমদার হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ জয়নাল আবেদীন ও জিনাত বেগমের কনিষ্ঠ সন্তান এবং প্রয়াত সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের আত্মীয়।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত জাকির মজুমদার ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিক ও বার্তা সংস্থায় কাজ করেছেন। তিনি ‘মানবসমাজ’ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
তিনি হাজীগঞ্জ প্রেস ক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশনের স্থানীয় শাখা, হাজীগঞ্জ সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতাদের একজন।
প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় জাকির মজুমদার বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দলীয় নেতাকর্মী ও হাজীগঞ্জ পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, “জনগণের সমর্থন পেলে হাজীগঞ্জ পৌরসভাকে ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই এবং একটি আধুনিক, মডেল পৌরসভা প্রতিষ্ঠায় কাজ করব।”
দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীকে ঘিরে ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ