শাহরাস্তি উপজেলা-এ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে ও মোবাইল গেমসে আসক্তি রোধে ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেছে শাহরাস্তি মডেল থানা। এ সময় ১৬ জন স্কুল-কলেজ শিক্ষার্থীকে আটক করে পরে অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

বুধবার (৬ মে) রাত ৮টার দিকে ওয়ারুক বাজার, ওয়ারুক রহমানিয়া হাইস্কুল মাঠ এবং নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।

থানা সূত্রে জানা যায়, কিছু শিক্ষার্থী নিয়মিত রাতে বিভিন্ন স্থানে আড্ডা দেওয়া ও মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়ছে—এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ এ উদ্যোগ নেয়। অভিযান চালিয়ে শিক্ষার্থীদের থানায় নেওয়া হয়।

পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের পড়াশোনা ও চলাফেরার বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না মর্মে অঙ্গীকারনামা নেওয়া হয় এবং অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মীর মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে এবং কিশোর অপরাধের ঝুঁকি কমাতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।