কচুয়া উপজেলা-র ১নং সাচার ইউনিয়নের সাচার বাজার মোড় থেকে বড়দৈল জামতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দ ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়ক কাদায় পরিণত হওয়ায় চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও রাস্তার দুই পাশের মাটি সরে গিয়ে সড়ক ভেঙে পড়েছে। এতে ট্রাক, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচলে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে।

সাচার ডিগ্রি কলেজ-এর ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এ এফ নওশের আলম মিয়া বলেন, প্রতিদিন এ সড়ক দিয়ে সাচার ডিগ্রি কলেজ ও সাচার হাই স্কুলের শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ডুবে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় চালকরা জানান, পণ্য পরিবহন ও রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় যানবাহন উল্টে দুর্ঘটনাও ঘটছে।

এ বিষয়ে মো. আব্দুল আলীম লিটন জানান, সাচার বাজার থেকে বড়দৈল জামতলা পর্যন্ত সড়কটি নতুন অর্থবছরে পাকাকরণের উদ্যোগ নেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।