হাইমচর উপজেলা-এ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।
বুধবার (৬ মে) উপজেলার রায়ের বাজার ও নয়ানী লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান-এর নির্দেশনায় পিএসআই সৌরভ দাশ-এর নেতৃত্বে একটি টিম দক্ষিণ আলগী এলাকার রায়ের বাজার-টেককান্দি সড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় ৫ পিস ইয়াবাসহ মো. জুম্মান আখন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি কমলাপুর গ্রামের মৃত শাহজাহান আখনের ছেলে।
অন্যদিকে, এসআই মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নয়ানী লক্ষ্মীপুর এলাকার নয়ানী চৌরাস্তা সংলগ্ন কাজী গো মসজিদের সামনে অভিযান চালিয়ে আনোয়ার (৩০) নামে একজনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক আনোয়ার চাঁদপুর সদর উপজেলা-র গুলিশা গ্রামের চান্দু গাজীর ছেলে।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।”
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:০৯ অপরাহ্ণ