ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহ অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন র‍্যাব সদস্যরা। এ ঘটনায় র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন। পাশাপাশি কয়েক ঘণ্টা তাদের একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে।

সোমবার (১১ মে) উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। হামলার জন্য কুখ্যাত সন্ত্রাসী সফিক ওরফে ‘চুরা সফিক’ ও তার সহযোগীদের দায়ী করেছে র‍্যাব।

আহতরা হলেন— হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি), কনস্টেবল মো. কাজল মিয়া এবং কনস্টেবল মো. আব্দুল মালেক।

র‍্যাব সূত্রে জানা যায়, অভিযানে অংশ নেওয়া চার সদস্য শর্টকাট হিসেবে খাগাতুয়া-মাজিয়ারা সড়ক ব্যবহার করে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান। খাগাতুয়া গ্রামে পৌঁছালে চুরা সফিক ও তার সহযোগীরা তাদের পথরোধ করে। র‍্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিলেও তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলার সময় অভিযানে থাকা সার্জেন্ট ফারুক কৌশলে ঘটনাস্থল থেকে বের হয়ে অতিরিক্ত সদস্যদের খবর দেন। তবে বাকি তিন সদস্যকে আটক করে মারধর করা হয় এবং পরে একটি বাড়িতে নিয়ে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে র‍্যাব-৯ এর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন। পরে পুলিশের সহায়তায় অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করা হয়। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

র‍্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. নূর নবী বলেন, “বাঞ্ছারামপুরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে তথ্য সংগ্রহ অভিযানে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, চুরা সফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন ও আধিপত্য বিস্তার করে আসছে। তার বিরুদ্ধে হত্যা, হামলা, চুরি ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।