জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে আজ দেশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

মঙ্গলবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না: হাবিবনগর
শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর, গোলামবাজার মহিলা মাদরাসা এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাবিবনগর ফিডারের বর্তমান পিক লোড প্রায় ৪ মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় বেশি। গ্রাহকদের আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণ কাজ করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ উন্নয়ন কাজ সম্পন্ন হলে সিস্টেম লস কমবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও উন্নত বিদ্যুৎ সেবা পাবেন।