চাঁদপুরে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ জেলা পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ মতলব দক্ষিণ উপজেলার ৮৬ জন খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম।

তিনি বলেন, “তরুণ খেলোয়াড়দের এ সাফল্য মতলব দক্ষিণ ও চাঁদপুর জেলার জন্য গর্বের বিষয়। জেলা পর্যায়ের ২২টি ইভেন্টের মধ্যে ১৮টিতে বিজয় লাভ করে মতলব দক্ষিণ উপজেলার সুনাম অক্ষুণ্ণ রেখেছে। বিভাগীয় পর্যায়ে আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তৃণমূল পর্যায় থেকে আগামীর ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিজয়ী ১৮টি ইভেন্টের অধিকাংশে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জাকির হোসেন কামালকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক জহিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে জেলা পর্যায়ে বিজয়ী ১৮টি ইভেন্টে অংশ নেওয়া ৮৬ জন খেলোয়াড়ের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনদপত্র তুলে দেওয়া হয়।