“বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান, সংস্কৃতি ও মুক্তচিন্তার জায়গা— সংঘাতের নয়। শিক্ষার পরিবেশ যেন কোনোভাবেই দলীয় প্রভাব বা বিভাজনের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।” — এমন মন্তব্য করেছেন ড. আবুল হাসনাত মোহা. শামীম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত উপাচার্য।
রবিবার (১৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রযুক্তিনির্ভর প্রশাসন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
উপাচার্য বলেন, “প্রযুক্তিনির্ভর ও স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন এক ক্লিকেই প্রয়োজনীয় সব সেবা পায়, সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।”
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সেবা, একাডেমিক কার্যক্রম, লাইব্রেরি ব্যবস্থাপনা, উপস্থিতি মনিটরিং এবং তথ্যসেবাকে ধাপে ধাপে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর করা হবে। স্মার্ট ক্যাম্পাস বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞানে সীমাবদ্ধ না থেকে বাস্তব দক্ষতাও অর্জন করুক। এজন্য শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ইন্টার্নশিপ, যৌথ গবেষণা, ক্যারিয়ার নেটওয়ার্কিং এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে।”
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আমার প্রধান ভিশন হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি মানবিক, আধুনিক ও গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। আমি চাই এই বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে আউটকাম-বেজড এডুকেশন চালু, আধুনিক গবেষণাগার স্থাপন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল লাইব্রেরি সম্প্রসারণ এবং শিক্ষক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
গবেষণাকে কেবল একাডেমিক কার্যক্রমে সীমাবদ্ধ না রেখে বাস্তব সমস্যার সমাধানের হাতিয়ার হিসেবেও ব্যবহার করার পরিকল্পনার কথা জানান তিনি।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে উপাচার্য বলেন, “গণমাধ্যম বিশ্ববিদ্যালয়ের আয়না। সাংবাদিকরা দায়িত্বশীলতা, সত্যনিষ্ঠা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন বলে আশা করি। সমালোচনা অবশ্যই থাকবে, তবে তা যেন গঠনমূলক হয়।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ড. মো. নজরুল ইসলাম, ড. মো. শামীম আহসান, ড. কামরুজ্জামান খান, ড. মো. রাশেদুল হক, পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম, সাধারণ সম্পাদক আলফি সানিসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ