যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ নিরাপদ ইন্টারনেট দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড-২০২৬।
শনিবার (১৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ শরীফ হোসেন গ্যালারিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে যশোর জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড-২০২৬ এবং নিরাপদ ইন্টারনেট দিবস-২০২৬ উপলক্ষে দুইটি ইভেন্টে সিনিয়র ও জুনিয়র— এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তিনটি প্রোগ্রামিং ক্যাটাগরিতে ১৫ জন এবং দুটি কুইজ ক্যাটাগরিতে ২০ জন শিক্ষার্থী বিজয়ী হন যবিপ্রবি কেন্দ্র থেকে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মেডেল, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইঞ্জি ইমরান খান, ড. মোঃ আলম হোসেন, সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন, মনিশংকর হালদার, প্রভাষক শেখ সালাহউদ্দিন কবির, আবু রাফে মোঃ জামিল এবং যশোর জেলা আইসিটি অফিসার মোঃ আবুল কাশেম পলাশ।
এছাড়াও বিভাগের শিক্ষক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. মোঃ আলম হোসেন বলেন, “সাইবার জগতে নিজেকে সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি। অনলাইন লেনদেন বা ডেলিভারিসহ বিভিন্ন ক্ষেত্রে ওটিপি ব্যবহারে সতর্ক থাকতে হবে। পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ড হিসেবে ব্যবহার না করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”
সভাপতির বক্তব্যে ড. মোঃ কামরুল ইসলাম বলেন, “ছবি বা ব্যক্তিগত তথ্য কাউকে দেওয়ার আগে সতর্ক থাকতে হবে। প্রয়োজন ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশ না করাই ভালো। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে দ্রুত অভিভাবকদের জানানো উচিত।”
তিনি আরও বলেন, অভিভাবকদের সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের অনলাইন কার্যক্রমের বিষয়ে খোঁজ রাখা প্রয়োজন, যাতে তারা কোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নৌশিন আমিন শেখ।
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ