পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে জাতীয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ ২৩ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ২০ মে ২০২৬ (বুধবার) থেকে ১১ জুন ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ছুটি শুরুর দিন ২০ মে সকাল ১০টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। তবে ছুটি শেষে ৫ জুন সকাল ১০টার পর আবাসিক হলগুলো পুনরায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় জরুরি সেবা বিভাগগুলো চালু থাকবে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা বিভাগ, চিকিৎসা কেন্দ্র, পরিবহন বিভাগ, আইসিটি সেল এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট শাখা।

এছাড়া জরুরি প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট দপ্তরগুলো সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে। প্রয়োজন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব পালনের জন্য ডাকা হলে তারা তা পালন করবেন।

অন্যদিকে, ঈদের ছুটির মধ্যেই বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৪ ও ২৫ জুন দুই দিনব্যাপী নজরুল জয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া আগামী ৩ জুন ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে সীমিত পরিসরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ এবং মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করা হবে।