ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ইসলামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হাসান খান অনার্সের পর মাস্টার্স পরীক্ষাতেও ৪.০০ সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম স্থান অর্জন করেছেন। ফল প্রকাশের দিনই তিনি নিজ আবাসিক হলের সিট ছেড়ে দেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২৪ সালের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফল, যা ২০২৫ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হয়। ফল প্রকাশের দিনই হল ত্যাগ করেন সাজ্জাদ হাসান খান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনার্স পর্যায়েও তিনি ৪.০০ সিজিপিএ অর্জন করে প্রথম স্থান লাভ করেছিলেন। মাস্টার্সেও একই ফল ধরে রেখে এককভাবে প্রথম হওয়ায় সহপাঠী ও শিক্ষার্থীদের মধ্যে প্রশংসিত হচ্ছেন তিনি।

হল ছাড়ার সময় সাজ্জাদ হাসান খান বলেন, “আজই ফল প্রকাশ হয়েছে, তাই আনুষ্ঠানিকভাবে আজই হল ছেড়ে দিচ্ছি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর হলে উঠেছিলাম। আজ আমার হলজীবনের সমাপ্তি হলো।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় সমস্যা হলো সিট সংকট। এই সংকটকে কেন্দ্র করেই বিভিন্ন সময় গণরুম ও গেস্টরুম সংস্কৃতির সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান এবং হলে শুধু নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে।”
ফল প্রকাশের দিনই হল ছাড়ার বিষয়টি সামাজিক

যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে নিয়ম মেনে হল ছাড়ার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন।