প্রায় আড়াই মাস পর সাংগঠনিক পদ ফিরে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না।
এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৪ মার্চ শেখ তানভীর বারী হামিমকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
পরে ২৭ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। সে সময় ভিডিও বার্তায় হামিম দাবি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজনের ঘটনাকে কেন্দ্র করেই তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে তার সাংগঠনিক অব্যাহতি প্রত্যাহার হওয়ায় তিনি পুনরায় দায়িত্ব পালনের সুযোগ পেলেন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ