পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে টানা সাত দিনের ছুটি শুরু হওয়ায় অতিরিক্ত ছুটি সমন্বয়ের অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার (২৩ মে) দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।
এ সময় গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিয়মিত ব্যাংকিং লেনদেন করতে পারবেন। তবে আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে ঈদের ছুটির সময় তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আওতায় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম এলাকার পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে খোলা থাকবে।
ওই দুই দিনে ব্যাংকের অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ ছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঈদের ছুটিকালেও (ঈদের দিন ব্যতীত) সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ছুটিকালে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন।
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ