ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশহর এলাকা এবং ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অটোরিকশা চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০), তার ছেলে আশরাফুল (৫) এবং পৃথক দুর্ঘটনায় ওলী মিয়া (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের কাউসার তার স্ত্রী জোসনা বেগম ও দুই সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পেছন থেকে একটি মাছবোঝাই পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশার চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশা চালক মাহবুব, জোসনা বেগম এবং তার ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)-কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা সরাইল থেকে মাধবপুরের দিকে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ওলী মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বড়ইবাড়ি এলাকার মৃত ইদন মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিয়াল্লিশহরের দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বাড়িউড়ার দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।