বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ববি শাখা।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির সভাপতি, দাওয়াহ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে মোট পাঁচটি ফলজ গাছ রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে দুটি আমগাছ, দুটি পেয়ারাগাছ এবং একটি আমড়াগাছ। পাশাপাশি ক্যাম্পাসে পূর্বে রোপণ করা গাছগুলোর পরিচর্যাও করা হয়।
এ বিষয়ে সংগঠনের দাওয়াহ সম্পাদক মুহাম্মদ রাইয়ান বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরিশালের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব জীবনধারা ও সংস্কৃতি গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “বৃক্ষরোপণের মতো উদ্যোগগুলোকে সামাজিক ও সাংস্কৃতিক চর্চায় পরিণত করার মাধ্যমে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই আমাদের অন্যতম উদ্দেশ্য।”
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ