খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুকেশ কুমার মণ্ডল জাপানের আন্তর্জাতিক মানসম্পন্ন তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা (আইটিইই)-তে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন।

বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) আয়োজিত ২০২৬ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে তিনি এ সাফল্য অর্জন করেন।

এ অর্জনের প্রতিক্রিয়ায় মুকেশ কুমার মণ্ডল বলেন, “আমি ভীষণভাবে অভিভূত, গর্বিত এবং কৃতজ্ঞ। তিন বছরেরও বেশি সময়ের কঠোর পরিশ্রম, নিরন্তর অনুশীলন, ধৈর্য ও অধ্যবসায়ের ফল আজ হাতে পেয়ে মনে হচ্ছে সবকিছুই সার্থক হয়েছে। পথটা সহজ ছিল না, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও শক্ত করেছে। এই অর্জন আমাকে বিশ্বাস করিয়েছে যে আন্তরিক চেষ্টা ও পরিশ্রমের ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়।”

তিনি আরও বলেন, এই সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান রয়েছে, যাদের উৎসাহ ও সহযোগিতা তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

উল্লেখ্য, আইটিইই (Information Technology Engineers Examination) জাপানের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা, যা এশিয়ার বিভিন্ন দেশে পরিচালিত হয়।

বাংলাদেশে এ পরীক্ষার আয়োজন করে বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি)।