বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং ব্যাংক, আমানতকারী ও জনস্বার্থ রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

এর আগে একই দিন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেয়। ব্যাংকটির নগদ অর্থের চাপ মোকাবিলা এবং গ্রাহকদের সেবা স্বাভাবিক রাখতে এ সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম নয় দিনে গ্রাহকেরা ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত উত্তোলন করেছেন। এ পরিস্থিতিতে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করেছিল।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান গ্রাহকদের আশ্বস্ত করে বলেছেন, ইসলামী ব্যাংকের আমানত নিরাপদ রয়েছে এবং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

অন্যদিকে, ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন জানান, গ্রাহকেরা এখন থেকে স্বাভাবিকভাবে টাকা উত্তোলন করতে পারবেন। ডিজিটাল ব্যাংকিং, চেক নগদায়ন এবং রেমিট্যান্স সেবাও স্বাভাবিক থাকবে।