জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে আসন ব্যবস্থাপনা নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের শুরুতে মঞ্চের সামনের সারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি ও জিএসের জন্য আসন সংরক্ষিত ছিল। তবে ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের জন্য পৃথক কোনো আসন নির্ধারণ করা হয়নি।

এ সময় জাকসুর জিএসের জন্য নির্ধারিত আসনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক বসেন বলে উপস্থিত সূত্র জানায়। পরে তিনি ভিপির জন্য সংরক্ষিত আসনে স্থানান্তরিত হন। এর ফলে ভিপি ও জিএস নিজেদের নির্ধারিত আসনে না বসে অন্যত্র অবস্থান নেন।

পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক জামাল উদ্দীন রুনু সামনের সারিতে অতিরিক্ত চেয়ার যুক্ত করে ভিপি ও জিএসকে বসার ব্যবস্থা করেন। পরে তারা সেখানে আসন গ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের প্রতিনিধিদের জন্য নির্ধারিত কোনো আসন না থাকায় সংগঠনটির কয়েকজন নেতা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মুহাম্মদ শামসুল আলম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, জাকসুর প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এ প্রবেশিকা অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, একাডেমিক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং ক্যাম্পাসের বিভিন্ন নীতিমালা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।