জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষামন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন ব্যর্থতা, একাডেমিক স্থবিরতা এবং শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তুলে অভিনব প্ল্যাকার্ড প্রদর্শন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

শুক্রবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর উপস্থিতির সময় সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন দাবিসম্বলিত ও ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, গবেষণা পরিবেশ, একাডেমিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান ও বক্তব্যসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্ল্যাকার্ডগুলোতে বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‍্যাংকিং, গবেষণা কার্যক্রম, প্রশাসনিক সিদ্ধান্ত এবং শিক্ষকদের জবাবদিহিতার বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশাসনিক সেবা গ্রহণে হয়রানির অভিযোগও উত্থাপন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম ইমন। তিনি বলেন, ভর্তি কার্যক্রম থেকে শুরু করে সনদ উত্তোলন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যার কার্যকর সমাধানে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পরও একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলে তাদের সংগঠনের মূল্যায়ন। শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার দাবিও জানান তিনি।

ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর সফর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এ প্রতিবাদ কর্মসূচিও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দেয়।