তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে ‘১০০ দিনে ১০০০ কিলোমিটার রানিং চ্যালেঞ্জ’ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মুশফিকুর রহমান মামুন ও তার টিম।
আগামী ৫ জুলাই শুরু হয়ে ১২ অক্টোবর পর্যন্ত চলবে এ ব্যতিক্রমধর্মী চ্যালেঞ্জ। এতে অংশগ্রহণকারীরা ধারাবাহিকভাবে ১০০ দিনে মোট ১০০০ কিলোমিটার দৌড় সম্পন্ন করার লক্ষ্য নিয়ে অংশ নেবেন।
উদ্যোক্তারা জানান, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো তরুণ সমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত ব্যায়াম ও ফিটনেস চর্চার গুরুত্ব তুলে ধরা এবং আত্মনিয়ন্ত্রণ, অধ্যবসায় ও মানসিক দৃঢ়তার বার্তা ছড়িয়ে দেওয়া।
চ্যালেঞ্জ চলাকালে বিভিন্ন ব্লগ, ভিডিও এবং মোটিভেশনাল কনটেন্টের মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারার গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। পাশাপাশি নিয়মিত শরীরচর্চার ইতিবাচক প্রভাব সম্পর্কেও সচেতনতা তৈরির চেষ্টা করা হবে।
উদ্যোক্তারা আশা করছেন, ‘১০০ দিনে ১০০০ কিলোমিটার রানিং চ্যালেঞ্জ’ দেশের তরুণদের মধ্যে ফিটনেস চর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ