মানবিক সেবা ও তরুণদের নেতৃত্ব বিকাশে নিয়োজিত সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি (রাবি)-এর ২০২৬–২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ জামান শ্যামল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিম ইসলাম।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, ক্লাবের ৩৬ বছরের ঐতিহ্যকে ধারণ করে এর কার্যক্রমকে আরও গতিশীল করা, ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস-বি টিকাদান কর্মসূচি, নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধবিষয়ক সেমিনার ও টিকাদান কার্যক্রমসহ বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং আর্তমানবতার সেবায় নতুন নতুন প্রকল্পের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখাই হবে তাঁদের মূল লক্ষ্য।
বিদায়ী কমিটি ও ক্লাবের সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে একটি সফল রোটারি বর্ষের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন সংগঠনগুলোর মধ্যে রোটার্যাক্ট ক্লাব একটি। সংগঠনটি গত ৩৬ বছর ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ