মালয়েশিয়ায় আটক দুই হাজারের বেশি বাংলাদেশিকে মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২২ জুন) কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় অদক্ষ শ্রমিকের প্রবেশ কমাতে দেশের টেকনিক্যাল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য বেসিক আরবি শিক্ষা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, স্কুল পর্যায়ে ইংরেজিসহ পাঁচটি ভাষা শিক্ষা এবং খেলাধুলাকে পাঠ্যক্রমের বাধ্যতামূলক অংশ করার পরিকল্পনা রয়েছে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে এক হাজার কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা মৌসুমের কারণে আগামী মাস থেকে সাময়িকভাবে খাল খনন কার্যক্রম বন্ধ থাকবে। তবে ধাপে ধাপে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, আইনের মধ্যে থেকে তাদের জন্য যত ধরনের সুযোগ-সুবিধা আদায় করা সম্ভব, সরকার তা নিশ্চিত করার চেষ্টা করবে। বাংলাদেশের সামনে ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, ব্যক্তিগত বা পারিবারিক কোনো ঘটনার প্রতিশোধ নেওয়ার চিন্তা তাঁর নেই। বরং দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ একাধিক সৌজন্য সাক্ষাতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।