বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (বিপিএস) কর্তৃক ‘বিপিএস ফেলো’ (BPS Fellow) হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান । 

গত ৯ এপ্রিল ২০২৬ বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির (বিপিএস) কার্যকরী পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বিপিএস ফেলো ঘোষণা করেন।পদার্থবিজ্ঞানে দীর্ঘদিনের বিশ্বমানের গবেষণা, উচ্চশিক্ষা, এবং জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই মর্যাদাপূর্ণ ফেলো নির্বাচিত হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞানে আপনার অসামান্য প্রাতিষ্ঠানিক অবদান এবং বিশ্বব্যাপী গবেষণার অসাধারণ প্রভাবের স্বীকৃতিস্বরূপ এই ফেলোশিপটি প্রদান করা হয়। অধ্যাপক মাহবুবুর রহমানের অগ্রণী কাজ, শীর্ষস্থানীয় আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত পাণ্ডিত্যপূর্ণ প্রকাশনা এবং ভৌত বিজ্ঞানের অগ্রগতিতে অবিচল অঙ্গীকার বাংলাদেশের গবেষণা অঙ্গনকে এক বিশেষ মর্যাদায় ভূষিত করে। বিপিএস নির্বাহী বোর্ড অধ্যাপক মাহবুবুর রহমানের গবেষণার গভীরতা ও মৌলিকত্বের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর বাইরে পদার্থবিজ্ঞান শিক্ষা ও পরামর্শদানের মান উন্নয়নে ভূমিকাকেও স্বীকার করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অধ্যাপক মাহবুবুর রহমানের  নাম এখন সেইসব নির্বাচিত বিজ্ঞানীদের দলে যুক্ত হলেন, যাঁরা সোসাইটির ঐতিহ্যকে রূপ দিয়েছেন। একজন বিপিএস ফেলো হিসেবে, পদার্থবিজ্ঞানে উৎকর্ষ সাধনে আজীবন নিবেদনের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানসূচক উপাধিটি ব্যবহার করার অধিকারী।

সম্মানসূচক এ ফেলো নির্বাচিত হওয়ায় অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি কর্তৃক ‘বিপিএস ফেলো’ নির্বাচিত হওয়ায় ব্যক্তিগতভাবে আমার জন্য  এক আনন্দময় মুহূর্ত। এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরিশ্রমলব্ধ  গবেষণার স্বীকৃতি। দীর্ঘদিন ধরে গবেষণা, একাডেমিক সহযোগিতার ক্ষেত্রে যে সমর্থন ও সহযোগিতা আমি পেয়েছি, তার জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহকর্মীবৃন্দ, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী, এবং আমার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। এই স্বীকৃতি ভবিষ্যতে শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে আরও নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।

অধ্যাপক মাহবুব জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১২০টির অধিক গবেষণাপত্র প্রকাশ করেছেন। তাঁর গবেষণার মান ও প্রভাবের স্বীকৃতিস্বরূপ গুগল স্কলার অনুযায়ী তাঁর h-index ৩৯ এবং i10-index ৬৯। জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে তিনি ৫৭টি প্রবন্ধ উপস্থাপন করেছেন।

গবেষণাক্ষেত্রে তাঁর অবদান দেশ-বিদেশে সমাদৃত। তিনি অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির অনারারি ফেলো (Honorary Fellow) I তাঁর উদ্যোগে ২০২৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এবং ইউনিভার্সিটি অব সাইন্স মালয়েশিয়া (Universiti Sains Malaysia)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যা আন্তর্জাতিক গবেষণা ও উচ্চশিক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।