আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও অগ্নিঝুঁকি কমাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হলে দুটি অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) স্থাপন করা হয়েছে। হল সংসদের উদ্যোগে প্রাথমিকভাবে হলের প্রধান প্রবেশপথ ও ডাইনিং হলে এসব যন্ত্র স্থাপন করা হয়।

রবিবার (২১ জুন) বিকালে এ যন্ত্র স্থাপন করা হয়।

হল সংসদ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে হল সংসদের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বাজেটের ব্যবস্থা করে হলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী, হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মনির হোসেন, অফিস সম্পাদক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিঝুঁকি হ্রাসের লক্ষ্যেই এই অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে।”

হল সংসদের জিএস মনির হোসেন বলেন, “প্রাথমিক পর্যায়ে আমরা দুটি অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করেছি। বাজেটের ব্যবস্থা করতে পারলে পরবর্তী ধাপে হলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এ ধরনের সরঞ্জাম স্থাপন করা হবে।”

হল সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আসিফ বলেন, “অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে খুব শিগগিরই একটি প্রশিক্ষণমূলক মহড়া আয়োজন করা হবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের মাধ্যমে হলের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীরা প্রাথমিকভাবে প্রস্তুত থাকার সুযোগ পাবেন।