চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (২১ জুন) দুপুরে নিজ বাসা থেকে সজীবকে আটক করে পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
এদিকে, অভিযোগ ওঠার পর সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা যুবদল। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাইরুল ইসলাম সজীবকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ