চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মন্ত্রী জানান, উল্লিখিত সময়ে বিটিভির বিজ্ঞাপন শাখা থেকে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, বিপরীতে ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।
২০২১-২২ অর্থবছরে আয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।
এছাড়া ২০২২-২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।
২০২৩-২৪ অর্থবছরে আয় ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা এবং ব্যয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে আয় হয়েছে ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, আর ব্যয় হয়েছে ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
এদিকে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টেলিভিশন চ্যানেল, এক হাজার ৪৩৬টি পত্রিকা এবং ৪৭৪টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল রয়েছে চারটি এবং অনাপত্তিপ্রাপ্ত বেসরকারি চ্যানেল রয়েছে ৫৫টি। বর্তমানে রাষ্ট্রীয় চারটিসহ মোট ৩৯টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তথ্যমন্ত্রী আরও জানান, দেশে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ৪৩৬টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫৯৩টি এবং অন্যান্য জেলা থেকে প্রকাশিত ৮৪৩টি। এছাড়া নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি, যার মধ্যে ২৮২টি স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টাল, ১৩১টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং ৬১টি আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ