মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী Tarique Rahman–এর মালয়েশিয়া সফরের একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটির আবহসঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘মহাজাদু’।

মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত ২ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, গার্ড অব অনার, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই লাখো ভিউ পেয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওজুড়ে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানটি ব্যবহার করা হয়েছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক উষ্ণতার প্রতীক হিসেবে অনেকের নজর কেড়েছে। বিশেষ করে রোহিঙ্গা সংকট নিয়ে দুই দেশের সহযোগিতার অংশ প্রদর্শনের সময়ও গানটির সুর অব্যাহত থাকায় তা দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে তিনি বর্তমানে চীন সফরে রয়েছেন।