দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধির তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একদিনের ব্যবধানে দেশের মোট রিজার্ভ প্রায় ৬৫ মিলিয়ন ডলার বেড়ে ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের দিন, অর্থাৎ ২২ জুন পর্যন্ত এ রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার। ফলে একদিনে রিজার্ভ বেড়েছে প্রায় ৬৫ দশমিক ১ মিলিয়ন ডলার।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, ২৩ জুন দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলারে। যা ২২ জুন ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। এ কারণে গ্রস রিজার্ভ ও বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের মধ্যে পার্থক্য দেখা যায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে এবং আমদানি ব্যয় ও বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে।